লাইফ সাপোর্টে সোহেল রানার অবস্থার অবনতি

স্টার অনলাইন রিপোর্ট

নায়ক, পরিচালক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা লাইফ সাপোর্টে আছেন। আজ শনিবার তার অবস্থার অবনতি হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বাবার অবস্থা গতকালের চেয়ে খারাপ। চিকিৎসকরা একটি ইনজেকশন আনার জন্য বলেছেন। অনেক জায়গায় সারাদিন খোঁজ করে সন্ধ্যায় ইনজেকশনটি পেয়েছি।'

গত ২৫ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহেল রানাকে। তার আগে বেশ কয়েকদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

গত ২৯ ডিসেম্বর থেকে লাইফ সাপোর্টে আছেন তিনি।

করোনা মহামারির আগে থেকে নিজের বাসাতেই ছিলেন এই অভিনেতা। এ সময় একটি সিনেমায় অভিনয়ের কথা থাকলেও তা করতে পারেননি।

১৯৭৩ সালে মাসুদ রানা সিরিজের গল্প অবলম্বনে নির্মিত ছবির মাধ্যমে সোহেল রানা নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিন বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।