শাকিব খানকে নিয়ে পরিচালক ঝন্টুর ‘বিতর্কিত মন্তব্য’ 

স্টার অনলাইন রিপোর্ট 

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে 'বিতর্কিত মন্তব্য' করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি গণমাধ্যমে বলেছেন, 'থাপড়ে শাকিবের দাঁত ফেলে দেওয়া উচিত।'

তবে, যে কারণে তিনি এ কথা বলেছেন তার সঙ্গে পরিচালক ঝন্টুর কোনো সম্পর্ক নেই। শাকিব খানের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার গুঞ্জনসহ সেখানে 'গলুই' সিনেমার ডাবিং করিয়ে আনার বিষয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন প্রবীণ এই পরিচালক। 

এ বিষয়ে 'গলুই' সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাকিব খান ৩৪ দিন এই সিনেমার শুটিং করেছে। তার আন্তরিকতার কোনো অভাব ছিলো না। শুটিংয়ের বাইরে কয়েকদিন শুটিং করেছে। কাজটা কীভাবে ভালো করতে হবে সেটা নিয়ে কথা বলেছেন। আমরাই নিজে থেকে পরিচালককে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে সিনেমার ডাবিং করিয়েছি।'

তিনি আরও বলেন, 'শাকিব খান বিষয়ে ঝন্টু সাহেব কিছু বলেছেন কিনা সেটা আমার জানা নেই। 'গলুই' সিনেমা নিয়ে কোনোদিন তার সঙ্গে কোনো কথাই হয়নি। তিনি যদি কিছু বলে থাকেন এটা তার ব্যক্তিগত বিষয়।'

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে বিষয়টা নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।