শিল্পীর দিকে আঙুল তুলে শিল্পীদের নেতা হয় কীভাবে: মুনমুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের সঙ্গে চিত্রনায়িকা মুনমুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, ওই সময় জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে রেখেছেন মুনমুন।
গতকাল সোমবার রাতে জায়েদ খানের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হন মুনমুন।
এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মুনমুন জানান, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি।
তিনি বলেন, 'ইউটিউবাররা কিছু টাকার জন্য আমাদের মতো শিল্পীদের সম্মান একরাতের মধ্যে শেষ করে দিচ্ছে। আমি এর বিরুদ্ধে দাঁড়াতে চাই। আর এসব ইউটিউবারদের এরকম মিথ্যাচার নিপুণের মতো শিল্পীরা কেন বিশ্বাস করবে? কেন সমর্থন করবে?'
তিনি আরও বলেন, 'জায়েদ কখনোই কোনো শিল্পীর বিরুদ্ধে আঙুল তোলেনি। বিপদে-আপদে সব সময় শিল্পীদের পাশে ছিল। সে আমাদের নেতা হবে না কেন? যারা শিল্পীদের দিকে আঙুল তোলে তারা আবার শিল্পীদের নেত্রী হয় কীভাবে?'