‘শিল্পী জীবনের সবচেয়ে বড় অর্জন এটি’

স্টার অনলাইন রিপোর্ট

গেরিলা যোদ্ধা এবং ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ তার স্ত্রী ও কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখান থেকেই আজীবন সম্মাননা পাওয়ার খবরটি তিনি পেয়েছেন।

২ দিন আগে তিনি ঢাকায় ফিরেছেন অভিনয় জীবনের সেরা অর্জন আজীবন সম্মাননা গ্রহণ করার জন্য।

রাইসুল ইসলাম আসাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুরস্কারটি ঘোষণার পর থেকেই অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। এখনও অনেক মানুষ ফোন করেছেন।'

তিনি আরও বলেন, 'আজ হাতে পেলাম আজীবন সম্মাননা। অবশ্যই আমি ভীষণ আনন্দিত। শিল্পী জীবনের সবচেয়ে বড় অর্জন এটি।'

'দেশ স্বাধীন করার জন্য একদিন অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই স্বপ্ন পূরণ হয়েছে। অভিনেতা হব কখনও ভাবিনি। অথচ অভিনেতা হয়ে যাই একসময়,' যোগ করেন তিনি।

শিগগির যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আপাতত যাচ্ছি না। গেলেও অন্তত ৬ মাস পর।'

তিনি সবশেষ অভিনয় করেছেন শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব' সিনেমায়। এই সিনেমায় মওলানা ভাসানীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বরেণ্য এই অভিনেতা গত বছর একুশে পদক পেয়েছেন।