শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছে নেই: ওমর সানী

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক ওমর সানী অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। এখনও অভিনয় জগতে সরব আছেন তিনি। সম্প্রতি জাগরণ ও সোনারচর নামের নতুন ২টি সিনেমার শুটিং শেষ করেছেন। শিগগির আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন।

অভিনয়, সিনেমার বর্তমান অবস্থা, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনসহ নানা বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের এ সভাপতি।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কী ধরনের চরিত্র করতে চান?

আগে তো হিরো ছিলাম। হিরো হিসেবে কাজ করেছি। এখন চরিত্র নিয়ে কাজ করছি। চরিত্র নিয়ে খেলতে চাই। চরিত্রের মধ্যে ঢুকে যেতে চাই। ভালো চরিত্রে অভিনয় করতে চাই। নানা সময় নানা রকম চরিত্রে কাজ করছি, যা আমার শিল্পী মনের ক্ষুধা মেটাতে সাহায্য করছে।

আপনার মতে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কী অবস্থা এখন?

ক্যান্সার হলে পরিবার বা আত্মীয়রা সবাই মিলে তাকে সুস্থ করার চেষ্টা করি। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। সবাই মিলে চেষ্টা করছি সিনেমা ইন্ডাস্ট্রিকে ভালো অবস্থানে ফিরিয়ে আনার।

বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি আপনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে আগামীকে নির্বাচন করবেন কি?

না। শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছে নেই। তবে ফিল্ম ক্লাবের সভাপতি পদে আবারও নির্বাচন করতে চাই। ফিল্ম ক্লাবের জন্য ভালো কিছু কাজ করে যেতে চাই।

দেশের সিনেমা জগতের সুখী দম্পতিদের অন্যতম আপনি ও মৌসুমী। এর রহস্য কী?

একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধাবোধ। বিশ্বাসও আছে। আমরা যার যার কাজটাকে সম্মান করি। দুজন দুজনকে বিশ্বাস করি। দুজনেই দায়িত্বশীল পরিবারের প্রতি। এজন্য আমরা নিজেদের সুখী মনে করি। আমার ২ সন্তান। ১ ছেলে ও ১ মেয়ে। এখন ছেলের বউ এসেছে। সবাই মিলে অনেক সুখে আছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সরব আপনি। মজার মজার স্ট্যাটাস দেন প্রায়ই। এসব আইডিয়া কোথায় পান?

এখন তো সারা দুনিয়া হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ হয়। এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করা উচিত। সেটি করার চেষ্টা করি। আর মজার মজার আাইডিয়াগুলো সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দেন। সৃষ্টিকর্তার রহমত না থাকলে কিছুই করা সম্ভব হতো না আমার।

একটা সময় ব্যস্ততার কারণে শিডিউল দেওয়াটাই আপনার জন্য কঠিন ছিল। সেইসব দিন মিস করেন?

খুব মিস করি। ঢাকাই সিনেমায় সোনালী সময় পেয়েছি। অনেক সিনেমা করেছি। অনেক ব্যস্ত থেকেছি। কাজ আর কাজ নিয়ে থেকেছি। কাজের প্রতি সৎ ছিলাম। কাজের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ছিলে বলেই হয়তো ওই রকম প্রচণ্ড ব্যস্ত থাকতে পেরেছি একটা সময়ে। খুব মিস করি সেই দিনগুলো।