‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রিমিয়ার নিউইয়র্কে
ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'। মুক্তির একদিন পর ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের বোম্বে থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার হবে। দেবাশীষ বিশ্বাসের পরিচালিত সিনেমাটি অভিনয় করেছে অপু বিশ্বাস ও বাপ্পী।
বাপ্পী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার অভিনীত সিনেমা নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের। এমন উদ্যোগ নেওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ।'
অপু বিশ্বাস বলেন, 'নিউইয়র্কে প্রিমিয়ার হওয়া আসলেই দারুণ একটি সংবাদ। 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' ভালোবাসার সিনেমা। এই সিনেমা ভালোবাসা ছড়িয়ে যাবে দর্শকের মাঝে।'
পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, 'একজন নির্মাতা সবসময়ই চায় তার সিনেমা সবাই দেখুক। দর্শক দেখবে বলেই আমরা সিনেমা নির্মাণ করি। যুক্তরাষ্ট্রে দর্শকদের অগ্রিম শুভেচ্ছা। তারা সিনেমাটি দেখে খুশি হবেন এটা বলতে পারি।'
নন্দিত অভিনেতা সাদেক বাচ্চু অভিনীত শেষ সিনেমা এটি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন- কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহাসহ অনেকে।