সিনেমা ছাড়ার কথা কোথাও বলিনি: মাহিয়া মাহি

স্টার অনলাইন রিপোর্ট

চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনেমা ছাড়ার সব গুঞ্জন উড়িয়ে গতকাল সোমবার থেকে এফডিসিতে শামিম আহমেদ রনি পরিচালিত 'বুবুজান' সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।

আজ দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'সিনেমা ছাড়ার কথা কোথাও বলিনি। সিনেমা ছাড়বো কেন? তবে সিনেমায় এমন কিছু করবো না যাতে আমার পরিবার বিব্রত হয়। আশা করি বোঝাতে পেরেছি।'

mahia_mahi.jpg
মাহিয়া মাহি। ছবি: স্টার

তিনি আরও বলেন, 'সিনেমা ছাড়ার গুঞ্জন ছড়িয়ে কার কী লাভ? এটা তো আমার পেশা। "বুবুজান" সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছি। এই সিনেমায় আমার অভিনয় দর্শক মনে রাখবে দীর্ঘদিন।'

অডিও ফাঁসের বিষয়ে তিনি বলেন, 'এটা নিয়ে কোনো কথা বলব না। অনেক কথা আমার কানে এসেছে। এটা নিয়ে কথা বললে আরও কথা বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলেছিলাম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন তিনি। চাইলেই তো আর দেখা করা সম্ভব নয়। একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে দেখা করতে হয়। আশা করি দেখা হবে।'