সিনেমা হল নির্মাণ-সংস্কারে সরকারি ঋণের জন্য ৫৩ আবেদন
সিনেমা হল সংস্কার ও নতুন হল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বরাদ্দ থেকে ঋণ সুবিধা নিতে মোট ৫৩টি আবেদন জমা পরেছে।
এর মধ্যে ৩০টি আবেদন হল সংস্কার বা ভেঙে নতুন করে তৈরি করার জন্য এবং বাকি ২৩টি সিনেপ্লেক্সের জন্য।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বন্ধ থাকা সিনেমা হল সংস্কার করা ছাড়াও নতুন হল, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স নির্মাণের জন্যও আবেদনও জমা পড়েছে। ঋণ সুবিধা পেতে আবেদন জমা পড়েছে মোট ৫৩টি। এর মধ্যে প্রিমরোজ সিনেপ্লেক্স, সদরঘাট সিনেপ্লেক্স, ঢাকা সিনেপ্লেক্স রয়েছে।'
২০২০ সালের ২৫ আগস্ট একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হল চালু করতে ঋণ তহবিলের আগ্রহের কথা জানান। এর ২ দিন পর এ বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রদর্শক সমিতির নেতারা।
ওই সময় বন্ধ হয়ে যাওয়া হল সংস্কার ও নতুন সিনেমা হল নির্মাণে স্বল্প সুদে প্রায় ৭০০ কোটি টাকা ঋণ দেওয়ার উদ্যোগের কথা জানায় সরকার।
পরবর্তীতে গত বছরের জানুয়ারিতে ঋণ তহবিলের পরিমাণ বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কমার দাস বলেন, 'সিনেমা হল বানানো ও সংস্কারের জন্য প্রচুর আবেদন আমাদের কাছে এসেছে। সেগুলো আমরা যাছাই-বাছাই করে সরকারের কাছে জমা দেব। সিনেমার জন্য অবশ্যই এটা একটা বড় খবর।'