সিয়াম-বুবলির অদ্ভুত গল্পের উপাখ্যান ‘টান’

স্টার অনলাইন রিপোর্ট

ওয়েবে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন সিয়াম ও বুবলি। সিনেমার গল্পে দেখা যাবে, অবনী ও রাশেদ মনের টানে দূরে কোথায় পালিয়ে যায়। তাদের ভালোবাসার সংসারে হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।

বুবলি বলেন, 'ওয়েবে প্ল্যাটফর্মের জন্য এটাই আমার প্রথম কাজ। সিনেমার পরিচালক থেকে শুরু করে আমার সহশিল্পী, গল্প সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করতে রাজি হয়েছি। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে পাবে এই গল্পের মধ্য দিয়ে।'

পরিচালক রায়হান রাফি বলেন, 'সিয়াম আমার বেশকিছু কাজ করলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান সিনেমার গল্প নিয়ে কিছু বলার নেই। মুক্তি পেলে দর্শক নিজেই দেখে নিবে।'

প্রযোজক রেদওয়ান রনি বলেন, 'নতুন বছরে চরকিতে অনেক চমক আছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমার নাম টান।  দর্শকদের এমন একটি কাজ উপহার পাচ্ছে দেখে ভালো লাগছে।'

রায়হান রাফি পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহামেদ ও পরিচালক।