হবু বর আমার নাম দিয়েছে ঢঙ্গি
শোবিজের পরিচিত মুখ বিদ্যা সিনহা মিম গতকাল বুধবার রাতে ঢাকার একটি ৫ তারকা হোটেলে বাগদান সম্পন্ন করেছেন। নিজের জন্মদিনে বাগদান সম্পন্ন করেছেন তিনি।
আজ সকালে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন সদা হাস্যময়ী এই নায়িকা।
আজকের সকালটি কেমন ছিল?
অন্যান্য দিনের মতোই। তবে পার্থক্য হচ্ছে, আগে হবু বরের কথা কেউ জানত না, তার নামও কেউ জানত না, এখন সবাই জেনে গেছে। প্রচুর মানুষ আমাকে উইশ করছেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষের আশীর্বাদ পাচ্ছি। আমারও কেউ একজন আছেন, এটুকু পার্থক্য ছাড়া অন্যদিনের মতোই সকাল কেটেছে। এটাও সত্যি, অন্যরকম এক ভালোলাগা কাজ করছে আমার ভেতরে।
জন্মদিনে প্রিয় মানুষটির কোন বিষয়টি আপনাকে বেশি মুগ্ধ করেছে?
যেমন মানুষ চেয়েছিলাম তেমন মানুষই পেয়েছি। সনি একদম সাধারণ, তার ভেতরে কোনো অহংকার নেই। গতরাতে সনি হাঁটু গেড়ে বসে আমাকে আংটি পরিয়ে দিয়েছে। এটাই আমাকে বেশি মুগ্ধ করেছে। কারণ, ও যে মানুষ তাতে এমন করার কথা ছিল না। আমি নিশ্চিত, ওর বন্ধুরা এটা শিখিয়ে দিয়েছে।
হবু বর আপনাকে কি নামে ডাকেন?
ঢঙ্গি নামে ডাকে। কখনও কখনও একটু রাগ করি, একটু অভিমান করি, একটু ঢঙ করি। এ জন্যই আমার বলে ঢঙ্গি মেয়ে। অবশ্য ভালোই লাগে নামটা।
বিয়ের পর কি কাজে ভাটা পড়বে?
না, প্রশ্নই আসে না। এখন যেভাবে কাজ করছি সেভাবেই কাজ করে যাব। আমার কাজকে সনি ভীষণ অ্যাপ্রিশিয়েট করে, সম্মান করে। এটা আমার সবচেয়ে ভালো লাগার বিষয়।
সেজন্য বলতে পারি কাজের বিষয়ে কোনো বিরোধ নেই। বরং আরও উৎসাহ পাবো ওর কাছ থেকে।
৬ বছরের পরিচয়, তারপর মধ্যে প্রেম। এক কথায় সনি পোদ্দার সম্পর্কে কী বলবেন?
একজন মানুষের সবচেয়ে বড় বিষয় তার ব্যক্তিত্ব। ওর ব্যক্তিত্ব আমার ভালো লাগে।