৭ মার্চের ভাষণ নিয়ে ‘রেডিও’র গান প্রকাশ আজ

স্টার অনলাইন রিপোর্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে 'রেডিও' সিনেমার প্রথম গান 'জয়বাংলা' এবং সিনেমার পোস্টার উন্মোচন করা হবে আজ সোমবার।

আজ সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে এই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মীসহ অনেকেই।

অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, '৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি কীভাবে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রভাব ফেলে সেটা অনেকেই জানেন। ১৯৭১ সালের ৭ মার্চ একটি গ্রামে ঐতিহাসিক ভাষণ শোনাকে কেন্দ্র করে রেডিও সিনেমার গল্প।'

তিনি আরও বলেন, 'প্রথমে সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর ইচ্ছা রয়েছে।'