আজ রাতেও জেলে থাকবেন শাহরুখপুত্র, কাল আবার শুনানি

স্টার অনলাইন ডেস্ক

মুম্বাইয়ের বিশেষ আদালত আজ বুধবার ক্রুজ ড্রাগস মামলায় শাহরুখপুত্র আরিয়ানের দায়ের করা জামিন আবেদনের শুনানি করেছেন। তবে, আদালত বৃহস্পতিবার পর্যন্ত শুনানি স্থগিত করেছেন। অতএব, আরিয়ানকে আরও অন্তত এক রাত জেলে কাটাতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং এখনো আরিয়ান খানের জামিনের বিরুদ্ধে কাল আবার যুক্তি উপস্থাপন করবেন। বৃহস্পতিবার সকাল ১১টার পরে পুনরায় শুনানি হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, সোমবার আদালত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে বুধবার আরিয়ানের জামিন আবেদনের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। এনসিবি বুধবার আদালতে আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেছে।

আজ আদালতে কী ঘটেছে?

জামিনের পক্ষে যুক্তি: আরিয়ান খানের আইনজীবী অমিত দেশাই তার মক্কেলের জামিনের পক্ষে দেড় ঘণ্টা ধরে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, আরিয়ানের কাছে মাদক কেনার জন্য নগদ টাকা ছিল না। আরিয়ানের কাছে বিক্রি করার মতো কিংবা খাওয়ার মতোও কিছু ছিল না। তার সঙ্গে কোনো মাদক পাওয়া যায়নি, তাহলে 'ষড়যন্ত্র' কেন?

জামিনের বিরুদ্ধে যুক্তি: অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং আরিয়ান খানের জামিনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, পুরো জাতি মাদক দ্রব্যের ব্যবহার নিয়ে চিন্তিত। তাই শুধু একজনকে নিয়ে নয় বরং এর পেছনে যে 'গ্যাং' কাজ করছে তাদের ধরতে চায় এনসিবি। এছাড়াও, তিনি বলেন- যে কোনো আসামির মুক্তি তদন্তে বাধা সৃষ্টি করবে। এনসিবি এমন চ্যাট খুঁজে পেয়েছে যেখানে আরিয়ান খান এবং একজন বিদেশি নাগরিক ড্রাগ নিয়ে আলোচনা করেছেন। এই চ্যাটগুলো মুম্বাই ক্রুজ মামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনো জানা যায়নি।

মামলায় কী আছে?

শনিবার রাতে এনসিবি মুম্বাই উপকূলে একটি ক্রুজে অভিযান চালানোর সময় আরিয়ান খানকে গ্রেপ্তার করে। জাহাজে একটি পার্টি হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে এবং বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে সেখানে ছিলেন। এনসিবি-র এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি।

এনসিবির গোয়েন্দারা জানিয়েছেন, অভিযানের সময় তারা ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ বড়ি এমডিএমএ (এক্সট্যাসি) এবং নগদ ১.৩৩ লাখ রূপি জব্দ করেছেন।

আরিয়ান খান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্ট, ইসমিত সিং, মোহক জাসওয়াল, গোমিত চোপড়া, নূপুর সারিকা এবং বিক্রান্ত ছোকারসহ ক্রজ থেকে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।