আরিয়ান খানের মামলা: ১৮ কোটি রূপি ঘুষ লেনদেনের অভিযোগ
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে এবং প্রাইভেট ইনভেস্টিগেটর কেপি গোসাভি ১৮ কোটি রূপি ঘুষ নেওয়ার চুক্তি করেছেন বলে দাবি করেছেন মামলাটির এক সাক্ষী।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সমীর ওয়াংখেড়ে এবং আরিয়ানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় আসা কেপি গোসাভির বিরুদ্ধে ঘুষ নেওয়ার দাবিটি যিনি করেছেন, তার নাম প্রভাকর সাইল।
নিজেকে কেপি গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে উল্লেখ করে এক হলফননামায় তিনি বলেছেন, কেপি গোসাভি ও স্যাম ডি'সুজা নামের একজনের মধ্যে ১৮ কোটি রূপি চুক্তির কথা শুনেছেন তিনি। এর মধ্যে ৮ কোটি রূপি সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা হচ্ছিল।
তবে এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি এর একটি 'উপযুক্ত জবাব' দেবেন।
এনসিবি সূত্রও এ দাবিকে 'ভিত্তিহীন' উল্লেখ করে বলেছে, 'তাহলে কেউ কারাগারে থাকবে কেন?'
আরেকটি সূত্র বলেছে, 'এ দাবি করা হয়েছে শুধু এজেন্সির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। এ ধরনের কিছু ঘটেনি।'
অফ দ্য রেকর্ড কর্মকর্তারা আরও দাবি করেছেন, তারা ২ অক্টোবরের আগে প্রভাকর সাইলকে কখনো দেখেননি এবং তিনি কে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।
এনসিবির আরেকটি সূত্র এনডিটিভিকে বলে, 'এই হলফনামাটি এনডিপিএস আদালতে নিয়ে যাওয়া যেতে পারে। আমরা সেখানে আমাদের প্রতিক্রিয়া জানাব।'