আশ্রমের শুটিং সেটে ‘হামলা’র অভিযোগ

স্টার অনলাইন রিপোর্ট

শুটিং চলাকালে ওয়েব সিরিজ আশ্রমের সেটে 'হামলার' অভিযোগ উঠেছে। ফিল্মফেয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার রাতে শুটিং ইউনিটের সদস্য ছাড়াও পরিচালকের মুখে কালি ছেটানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

মধ্যপ্রদেশের ভোপালে আশ্রম-৩ এর শুটিং চলছে। সেখানেই হামলার মুখে পড়ে শুটিং দল। তবে, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার পর পুলিশ শুটিং সেটের নিরাপত্তা বাড়ালেও আপাতত শুটিং বন্ধ আছে।

২০২০ সালের আগস্টে আশ্রম সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। মুক্তির পর হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে যোধপুর আদালতে প্রকাশ ঝাঁ ও ববি দেওলের বিরুদ্ধে মামলা করেন একজন আইনজীবী। এ নিয়ে পরিচালক ও অভিনেতাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল।