কাল সকালে বাড়ি ফিরতে পারবেন আরিয়ান
নির্ধারিত সময়ে জামিন সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় আজ শুক্রবার বাড়ি ফিরতে পারেননি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আগামীকাল শনিবার সকালে তিনি জেল থেকে ছাড়া পাবেন।
আর্থার রোড জেলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আরিয়ানকে বাড়ি ফিরিয়ে আনতে শাহরুখ খান বিকেল স্থানীয় সময় ৩টা ৪০ মিনিটের দিকে তার বাড়ি 'মান্নাত' থেকে রওনা হন। আরিয়ানের জামিনদার হয়ে অভিনেত্রী জুহি চাওলাও আজ আর্থার রোড জেলে হাজির হন। ১ লাখ রূপির বন্ডে স্বাক্ষর করে শাহরুখপুত্রের জামিনদার হন জুহি।
তবে নির্ধারিত সময় বিকেল সাড়ে ৫টার মধ্যে জামিন সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় আজ বাড়ি ফিরতে পারলেন না আরিয়ান। আরও একদিন জেলে কাটাতে হবে তাকে।
গতকাল বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর করেন।
গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। এরপর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।