ছেলের জন্যে কারাগারে ৪,৫০০ রূপির মানি অর্ডার পাঠালেন শাহরুখ-গৌরী

স্টার অনলাইন ডেস্ক

মুম্বাই ক্রজ ড্রাগস মামলায় কারাগারে থাকা শাহরুখপুত্র আরিয়ান খানকে বাড়ি থেকে ৪ হাজার ৫০০ রূপির একটি মানি অর্ডার পেয়েছেন। এই অর্থ তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেলের ক্যান্টিন থেকে খাবার এবং অন্যান্য জিনিসপত্র অর্ডার করতে ব্যবহার করতে পারবেন।

ভারতীয় আইন অনুযায়ী, এটিই সর্বাধিক পরিমাণ অর্থ যা কারাগারে কাউকে পাঠানো যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ানকে তার পরিবারের সঙ্গে কথা বলতে একটি সংক্ষিপ্ত ভিডিও কলের অনুমতি দেওয়া হয়েছিল। হাইকোর্টের আদেশের সঙ্গে মিল রেখে এই অনুমতি দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী, বন্দীদের সপ্তাহে দু'বার তাদের পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি দিতে হবে।

আরিয়ান অবশ্য এই সুযোগটি একবারই ব্যবহার করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

তবে, আরিয়ানকে কখন মানি অর্ডার পাঠানো হয়েছিল এবং কখন ভিডিও কলটি করা হয়েছিল তা স্পষ্ট নয়। কারণ কারা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকার করেছে।

কিন্তু, জেলের সুপার নিতিন ওয়েচাল জানিয়েছেন, আরিয়ানকে জেলের খাবার দেওয়া হচ্ছে। আদালত আদেশ না দেওয়া পর্যন্ত আরিয়ানকে বাড়ি বা বাইরের কোনো খাবার পরিবেশন করা হবে না।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গতকাল সন্ধ্যায় মুম্বাই ড্রাগস-অন-ক্রুজ মামলায় চতুর্থবারের মতো জামিন নাকচ করে কারাগারে ফেরত পাঠানো হয়।

মুম্বাইয়ের একটি দায়রা আদালত ২০ অক্টোবর পর্যন্ত আরিয়ানের জামিন আদেশ স্থগিত করেন। ফলে, ইতোমধ্যে ১২ দিন কারাগারে কাটানো আরিয়ানের জামিনের আর কোনো আইনি বিকল্প নেই এবং তাকে অন্তত আরও পাঁচ দিন কারাগারে থাকতে হবে। কারণ আদালত এখন উৎসবের ছুটিতে বন্ধ আছে।

আরিয়ানের বাবা-মা শাহরুখ খান এবং গৌরী খান এখনো ছেলের গ্রেপ্তার বা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে, চলচ্চিত্র জগতের অনেকেই- যেমন সালমান খান, ফারাহ খান এবং হৃতিক রোশনদের মতো তারকারা আরিয়ানের পক্ষে কথা বলেছেন।