দক্ষিণি সুপারস্টার পুনীত রাজকুমার মারা গেছেন

স্টার অনলাইন ডেস্ক

ভারতের দক্ষিণি সিনেমার 'পাওয়ারস্টার' পুনীত রাজকুমার ৪৬ বছর বয়সে মারা গেছেন।

এর আগে, এই কন্নড় অভিনেতাকে শুক্রবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

আজ শুক্রবার বিকেলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী এই সুপারস্টার।

বেঙ্গালুরুর বিক্রম হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছিল, অভিনেতাকে যখন আনা হয়েছিল তখন তিনি অচেতন ছিলেন। তার উন্নত কার্ডিয়াক রিসাসিটেশন শুরু করা হয়েছিল। কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে, বিকেলে পুনীতের পরিবার সূত্রে জানা যায়, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার কমল পন্থ এবং আরও অনেকে হাসপাতাল পরিদর্শন করেছেন। এলাকাটির চারপাশে এবং সদাশিবনগরে অভিনেতার বাড়ির কাছে নিরাপত্তা জোরদার করা হয়েছে।