পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার জামিন আবেদন খারিজ
পর্নোগ্রাফি মামলায় ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাই আদালত।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুধীর ভাজিপালে রাজ কুন্দ্রার জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এরআগে, রাজ কুন্দ্রার জামিনের আবেদনে আপত্তি জানিয়ে এই মামলার তদন্ত এখনো চলছে বলে জানিয়েছিল মুম্বাই পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কিরণ বিডভে আদালতকে বলেন, রাজ কুন্দ্রা জামিন পেলে প্রমাণের কারচুপি হতে পারে। ভুক্তভোগীদের কিছু বিবৃতি এখনো রেকর্ড করা হয়নি।
তবে, জামিনের আবেদনে রাজ কুন্দ্রা দাবি করেন, এই মামলায় পুলিশকে তিনি পুরোপুরি সহযোগিতা করছেন। তাই তাকে পুলিশ হেফাজতে রাখার কোনো মানে নেই।
রাজ কুন্দ্রার পক্ষে উপস্থিত অ্যাডভোকেট আবাদ পন্ডা আদালতে বলেন, 'এই মামলায় সর্বোচ্চ শাস্তি সাত বছর, তাই হেফাজতে রাখার কোনো মানে নেই এবং তাকে জামিন দেওয়া উচিত। কুন্দ্রা বিবাহিত এবং মুম্বাইয়ে পরিবার ও বাড়ি আছে। তাই তদন্তের জন্য তাকে পাওয়া যাবে এমন কোনো প্রশ্নই নেই।'
তিনি আরও বলেন, 'বিষয়টি রাজ কুন্দ্রা নির্দোষ কিনা তা নয়। বিষয় হলো তাকে জামিনে মুক্তি দেওয়া যায় কিনা। ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং অন্য আসামিরা জামিনে আছেন।'