পাওয়ারস্টার পুনীতের মৃত্যুর শোকে ২ ভক্তের মৃত্যু
গতকাল কন্নড় সিনেমার পাওয়ারস্টার পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর শোকে ২ ভক্তও হৃদরোগে মারা গেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
আজ শুক্ররা ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের বেলাগাভি জেলার শিদোলি গ্রামে পরশুরাম দেব মনভার নামে এক ভক্ত হৃদরোগে আক্রান্ত হন। গতকাল রাত ১১টায় তিনি মারা যান।
কর্ণাটকের চামরাজানগর জেলার মারুর গ্রামে আরেক ভক্ত মুনিয়াপ্পা (৩০) প্রিয় তারকার মৃত্যুর খবর জানার পর হৃদরোগে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে, গতকাল শুক্রবার কন্নড় সিনেমার সুপারস্টার পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাবা ড. রাজকুমারের মতো পুনীতও নিজের চোখ দান করেছিলেন। বেঙ্গালুরুর কান্তেরাভা স্টেডিয়ামে পাওয়ারস্টারকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সেলিব্রিটিরা।
পুনীত রাজকুমারকে কান্তেরভা স্টুডিওতে দাহ করা হবে। এখানেই তার বাবা এবং আইকনিক অভিনেতা ড. রাজকুমারকে সমাধিস্থ করা হয়েছে। পুনীতকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে দাহ করার ঘোষণা দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।