মাদককাণ্ডে এবার আরেক তারকা সন্তান অনন্যা পাণ্ডেকে তলব
ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ান খানের মোবাইল ফোনে পাওয়া চ্যাটের ভিত্তিতে মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে তলব করেছে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এনসিবির একটি দল বৃহস্পতিবার মুম্বাইয়ে অনন্যা পাণ্ডে এবং চাঙ্কি পাণ্ডের বাসভবনে পৌঁছেছে। অনন্যা পান্ডেকে আজ দুপুর ২টায় এনসিবি তলব করেছে।
গত ২ অক্টোবর মুম্বাই উপকূলের কর্ডেলিয়া ক্রুজ জাহাজে অভিযান চালানোর পরে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। ওই জাহাজে একটি রেভ পার্টি হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে এবং বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে সেখানে ছিলেন। এনসিবির এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি।
এনসিবি গোয়েন্দারা জানিয়েছেন, অভিযানের সময় তারা ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ বড়ি এমডিএমএ (এক্সট্যাসি) এবং নগদ ১.৩৩ লাখ টাকা জব্দ করেছে।