মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান আটক, জিজ্ঞাসাবাদ চলছে
মুম্বাইয়ের উপকূলে এক প্রমোদতরী থেকে মাদকদ্রব্য জব্দের ঘটনায় আটক ৮ জনের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (২৩)। তাদের জিজ্ঞাসাবাদ করছে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি।
গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয় বলে মাদক নিয়ন্ত্রণ সংস্থাটির পক্ষ থেকে এক বার্তায় গণমাধ্যমকে জানানো হয়েছে।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এনসিবির বার্তায় বলা হয়েছে, 'আরিয়ানসহ আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কথা শোনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
এনসিবির কর্মকর্তারা সাধারণ যাত্রীর বেশে প্রমোদতরীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে তারা কোকেন, চরস, 'একসটেসি' ও মেফেড্রোন জব্দ করেন।
বার্তায় আরও বলা হয়েছে, প্রমোদতরীটি মুম্বাইয়ের উপকূল ছাড়ার পর সাগরে যাওয়ার সময় অনুষ্ঠান শুরু হয়।
এক জ্যেষ্ঠ এনসিবি কর্মকর্তা এনডিটিভিকে বলেন, 'তাদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। তাদের কথার সত্যতার ওপর ভিত্তি করে গ্রেপ্তার করা হবে। এরপর, অভিযুক্তদের এনডিপিএস আদালতে সোপর্দ করা হবে।'
এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান খানের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।
আরিয়ান ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোকার ও গোমিত চোপড়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এনসিবি সূত্র জানিয়েছে, আরিয়ান খানের ফোন জব্দ করা হয়েছে এবং জাহাজ থেকে জব্দ মাদকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কি না তা যাচাই করে দেখা হচ্ছে।