‘মানিকে মাগে হিথে’র হিন্দি সংস্করণে নাচবেন নোরা-সিদ্ধার্থ
শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানির বহুল জনপ্রিয় গান মানিকে মাগে হিথে সারাবিশ্বে আলোচিত হওয়ার পর এবার বলিউডে আসছে হিন্দি ভার্সন। অজয় দেবগন অভিনীত থ্যাঙ্ক গড সিনেমাতে দেখা যাবে গানটির হিন্দি সংস্করণ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই গানটির হিন্দি ভার্সনে নোরা ফতেহি এবং সিদ্ধার্থ মালহোত্রা নাচবেন।
সম্প্রতি, ইয়োহানি বিগ বস ১৫-এ উপস্থিত হন। তিনি তার ভাইরাল গান গাইতে গাইতে শোয়ের হোস্ট সালমান খানের সামনে হাজির হন।
প্রতিবেদন অনুযায়ী, নোরা ফতেহি ছবিতে মানিকে মাগে হিথের হিন্দি সংস্করণে বিশেষভাবে উপস্থিত হবেন। তারসঙ্গে যোগ দেবেন সিদ্ধার্থ মালহোত্রা।
মানিকে মাগে হিথের হিন্দি সংস্করণ কম্পোজ করবেন তনিষ্ক বাগচি এবং কথা লিখছেন রশ্মি বিরাগ।
এর আগে, থ্যাঙ্ক গডের পরিচালক ইন্দ্র কুমার ছবিতে ইয়োহানির গানের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছিলেন, ইয়োহানির গানটি একটি সুপার সেনসেশন হয়ে উঠেছে এবং থ্যাঙ্ক গডের অংশ হতে আমাকে এই ব্লকবাস্টার ট্র্যাকটি দেওয়ার জন্য ভূষণজির কাছে কৃতজ্ঞতা। শিগগির গানটির শুটিং শুরু করব।
বলিউডের সিনেমায় গান গাইতে পেরে ইয়োহানি বলেন, আমি ভারত ও এখানকার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। আমি ভারত সফরের জন্য অপেক্ষায করছি।