মাসিক ৮.২৫ লাখ রূপিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন সালমান

স্টার অনলাইন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান পরিবারের সঙ্গে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। তবে, সম্প্রতি একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ডুপ্লেক্সে অ্যাপার্টমেন্টের জন্যে মাসিক ৮.২৫ লাখ রূপি ভাড়া পরিশোধ করেছেন সালমান খান।

সূত্রের তথ্য অনুযায়ী, সালমান খানের ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড বান্দ্রার মাকবা হাইটসের ১৭ ও ১৮ তলায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। এটি ১১ মাসের জন্য ভাড়া নিয়েছেন তিনি। এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি সালমান খানের ফার্মের কর্মীদের জন্য ব্যবহার করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি, সালমান খান পরবর্তী সিনেমা 'অন্তিম– দ্য ফাইনাল ট্রুথ' মুক্তির ঘোষণা দিয়েছেন। মহেশ মাঞ্জরেকার পরিচালিত সিনেমাটি আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবে। সালমান খান এতে একজন শিখ পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। 'অন্তিম– দ্য ফাইনাল ট্রুথ' সিনেমাটি মারাঠি সিনেমা 'মুলশি প্যাটার্ন'-এর রিমেক।

এছাড়াও, 'টাইগার থ্রি'তে দেখা যাবে সালমান খানকে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এটি ২০২২ সালে মুক্তি পাবে।  'কাভি ঈদ কাভি দিওয়ালি' এবং 'কিক ২' সিনেমায় দেখা যাবে এই বলিউড সুপারস্টারকে।