শোবিজ ছাড়ার ২ বছর পর সোশ্যালে ছবি পোস্ট করলেন জায়রা ওয়াসিম
২০১৯ সালে শোবিজ ছাড়ার ২ বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন জায়রা ওয়াসিম। দাঙ্গল এবং সিক্রেট সুপারস্টার তারকা জায়রা ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে প্রাক্তন এই অভিনেত্রীকে বোরকা পরিহিত অবস্থায় একটি সেতুতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে, ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। ছবিটির ক্যাপশনে জায়রা লিখেছেন, 'দ্য ওয়ার্ম অক্টোবর সান'।
ছবিটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজারের বেশি লাইক পড়েছে।
২০১৯ সালে অভিনয়কে বিদায় জানান তারকাখ্যাতি পাওয়া জায়রা ওয়াসিম। তখন তিনি বলেছিলেন, অভিনয় জীবন নিয়ে তিনি সন্তুষ্ট নন। কারণ এটি তার তার ধর্ম ও বিশ্বাসে প্রভাব ফেলছিল।
জায়রা অভিনীত সর্বশেষ সিনেমা ছিল 'দ্য স্কাই ইজ পিঙ্ক'। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে জায়রা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতার অভিনয় করেছেন।