সমীর বানখেড়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করবে এনসিবি
সমীর বানখেড়ের বিরুদ্ধে আরিয়ান খানকে মুক্তি দিতে সাক্ষীর মাধ্যমে ২৫ কোটি রূপি ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
আজ সোমবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেছেন, আমি (সমীর বানখেড়ের বিরুদ্ধে) অভিযোগ তদন্তের তত্ত্বাবধান করছি।
বানখেড়ে পদে থাকবেন কিনা জানতে চাইলে সিং ইন্ডিয়া টুডেকে বলেন, এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আমরা মাত্র তদন্ত শুরু করেছি।
এদিকে, এই অভিযোগের বিরুদ্ধে মুম্বাইয়ের এনসিবি কর্মকর্তারা এনসিবির মহাপরিচালকের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, জ্ঞানেশ্বর সিং এনসিবির প্রধান ভিজিলেন্স অফিসারও। তাকেই বানখেড়ের বিরুদ্ধে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হবে।
আগামীকাল এ সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকের জন্য সমীর বানখেড়ে দিল্লিতে এনসিবি সদর দপ্তরে যাবেন।
মুম্বাই ক্রুজ ড্রাগস মামলার সাক্ষী প্রভাকর সেল সোমবার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মুম্বাই পুলিশ কমিশনারের কাছে যান।
গতকাল তিনি দাবি করেছিলেন, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে এই মামলা থেকে মুক্তি দিতে এনসিবির কর্মকর্তা সমীর বানখেড়ে ২৫ কোটি রূপি দাবি করেছিলেন।
প্রভাকর সেল তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাই পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। তিনি সকাল ১১.২০ মিনিটে কমিশনারের অফিস পৌঁছান এবং যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মিলিন্দ ভারাম্ভের সঙ্গে দেখা করেন।
গতকাল প্রভাকর সেল এক সাংবাদিককে বলেছিলেন, তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছেন। যে কোনো সময় তার ক্ষতি হতে পারে।
প্রভাকর সেল এই মামলার একজন 'স্বতন্ত্র সাক্ষী'। তার দাবি, ক্রুজ ড্রাগস মামলায় আরিয়ান খানকে ছেড়ে দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) একজন কর্মকর্তা এবং পলাতক সাক্ষী কে পি গোসাভিসহ অন্যান্যরা ২৫ কোটি রূপি দাবি করেছিলেন।