সাড়ে ৫টার আগে ‘রিলিজ অর্ডার’ না পৌঁছালে আজও কারাগারে থাকবেন আরিয়ান
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গতকাল বোম্বে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে, 'রিলিজ অর্ডার' আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কারাগারের 'জামিন বক্সে' পৌঁছালে তারপর তিনি কারাগার থেকে বের হতে পারবেন। আর যদি এই সময়সীমার পরে পৌঁছায় তাহলে নিয়ম অনুযায়ী তাকে আরও এক রাত কারাগারে কাটাতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুম্বাই উপকূলের একটি জাহাজ থেকে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ানকে গ্রেপ্তারের পর ২৪ দিন কারাগারে কাটিয়েছেন। এনসিবির অভিযোগ, আরিয়ান খান এবং অন্যান্যরা মাদক এবং মাদক দ্রব্যের লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জামিন মঞ্জুর হলেও আরিয়ান খানকে জেল থেকে বাড়ি ফেরার আগে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হবে। এর প্রথমটি হলো বোম্বে হাইকোর্ট থেকে জামিনের আদেশের একটি অনুলিপি বিশেষ মাদকবিরোধী আদালতে জমা দেওয়া।
এই বিশেষ আদালত একটি 'রিলিজ অর্ডার' জারি করবে। পরে এই 'রিলিজ অর্ডার' আর্থার রোড জেলের বাইরে 'জামিন বক্সে' জমা দেওয়া হবে। এই বক্সটি দিনে ৩ বার খোলা হয়- সকাল, বিকেল এবং সন্ধ্যা। আরিয়ান খানকে কারাগার থেকে বের হতে হলে আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে 'রিলিজ অর্ডার' সেখানে জমা দিতে হবে।
বোম্বে হাইকোর্টের বিচারপতি এনডব্লিউ সাম্ব্রে গতকাল আরিয়ান খান, তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মডেল মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেন। হাইকোর্ট বলেছিলেন, তারা আজ তার আদেশের একটি অনুলিপি সরবরাহ করবে।
আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্ডে সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমরা আমাদের জামানত নিয়ে প্রস্তুত। আশা করছি আজ উচ্চ আদালত থেকে আদেশের অনুলিপি পেয়ে যাব। এটি হাতে পেলে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশেষ এনডিপিএস আদালতে জমা দেব। তারপর সন্ধ্যার মধ্যেই আমরা আরিয়ান খানকে জেল থেকে বের করতে পারব।