হৃতিকের নতুন প্রতিবেশী সানিয়া
সানিয়া মালহোত্রা মুম্বাইয়ে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে জানা গেছে। ফলে, এই বলিউড অভিনেত্রী হৃতিক রোশনের নতুন প্রতিবেশী হচ্ছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী মুম্বাইয়ের জুহুতে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্টটি নির্মাতা সমীর ভোজওয়ানির মালিকানাধীন ছিল। যেটা গত ১৪ অক্টোবর সানিয়ার নামে স্থানান্তরিত করা হয়। সানিয়া এবং তার বাবা সুনীল কুমার মালহোত্রা ৭১.৫ লাখ রুপি স্ট্যাম্প বাবদ পরিশোধ করেছেন। তিনি অ্যাপার্টমেন্টটি ১৪.৩ কোটি টাকায় কিনেছেন।
হৃতিক গত বছর একই ভবনে প্রায় ১০০ কোটি টাকার দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। তার অ্যাপার্টমেন্টগুলো ৩৮ হাজার বর্গফুট বড় এবং ৬ হাজার ৫০০ বর্গফুটের ব্যালকনি আছে। এছাড়া, ভবনটিতে ১০টি পার্কিং লট স্লট আছে।
আমির খান অভিনীত 'দঙ্গল' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ সানিয়ার। এরপর থেকে ক্যারিয়ার নিয়ে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করে নিজের নাম উজ্জ্বল করেছেন সানিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়া মালহোত্রার ফলোয়ারের অংশ নেহায়েত কম নয়। তিনি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের এবং প্রিয়জনদের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন।