‘আ.লীগ আর ৫ বছর ক্ষমতায় থাকলে উপজেলাতেও যানজট হবে’
আওয়ামী লীগ আরও ৫ বছর ক্ষমতায় থাকলে উপজেলা পর্যায়েও যানজট দেখা যাবে বলে আজ জাতীয় সংসদে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সংসদে রাজধানীর যানজট নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনার জবাবে মন্ত্রী তাজুল এ কথা বলেন।
সংসদে জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২ এর ওপর আলোচনায় হারুন বলেন, 'ঢাকা আজকে নিশ্চল নগরীতে পরিণত হয়েছে। টানা ১৫ বছর আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায়, কিন্তু ঢাকা শহরের এখন ভয়াবহ দুরাবস্থা।'
তিনি বলেন, 'শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, মশার উপদ্রব বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাংঘাতিক বিপর্যয় বলেন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা শুধু নয়, গোটা বাংলাদেশ একটি অবাসযোগ্য দেশে পরিণত হতে যাচ্ছে।'
হারুন আরও বলেন, 'সরকার শুধু মেগাপ্রকল্পের দিকে দৃষ্টিপাত করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, "যারা দেখতে পায় না, চোখে চশমা দিতে।" আমরা চোখে চশমা দিচ্ছি। আজকে বাসা থেকে সচিবালয় যেতে ৩ ঘণ্টা লেগে যাচ্ছে। রোজাদাররা অফিস থেকে বাসায় এসে ইফতার করতে পারছেন না। মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে মশার উপদ্রবে নামাজে বিঘ্নিত হচ্ছে। এগুলো বাস্তব চিত্র। এই জায়গাগুলোতে কী পদক্ষেপ গ্রহণ করবেন?'
এর জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, '২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আগামীতে আওয়ামী লীগ যদি আরও ৫ বছর ক্ষমতায় থাকে, তাহলে উপজেলাতেও দেখবেন গাড়ির লাইন লেগে যাবে। হারুন সাহেবকে বলি আল্লাহ যদি বাঁচায় রাখে আওয়ামী লীগ আরেকটা মেয়াদ ক্ষমতায় থাকে, তাহলে আপনে দেখবেন যে, উপজেলায় ট্রাফিক জ্যাম হবে।'
তাজুল ইসলাম বলেন, 'ঢাকা শহরের কথা বলছেন, এখানে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সবাই ঢাকায় মুভ করছে। সারা পৃথিবীতেই এমন হয়েছে। লন্ডন, টোকিও, কলকাতায়ও হয়েছে। তারা এটাকে ম্যানেজ করেছে। আমরাও এটা নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমাকে ড্যাপের সভাপতি বানিয়েছেন, সেখানে অনেকগুলো বিষয় বিবেচনা করছি।'