পাবলিক পরিবহনে সাবধানে চলাচলের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী
ঢাকা নগরীতে পাবলিক পরিবহনে চলাচলের সময় সবকিছুর ঊর্ধ্বে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ সকাল সাড়ে ৯টার দিকে শাহরিয়ার আলম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে সোমবার দ্য ডেইলি স্টার এর প্রথম পৃষ্ঠায় ছাপা হওয়া একটি ছবিসহ যাত্রী নিরাপত্তা নিয়ে তার ভাবনার কথা লিখেছেন।
গতকাল রূপসী বাংলা হোটেলের সামনে রাস্তার মাঝখানে চলন্ত বাস থেকে নামতে গিয়ে এক নারী যাত্রী পড়ে যান। এই ঘটনাটি দ্য ডেইলি স্টার এর ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। আজ পত্রিকার প্রিন্ট সংস্করণে ছবিটি প্রকাশ করা হয়েছে।
এই ঘটনার আধা ঘণ্টা আগেই রাস্তার অপর পাশে এক লোক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লোকটিও চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলেন। পেছন থেকে আসা একটি বাসের চাপায় তার মৃত্যু হয়।
শাহরিয়ার আলম লিখেছেন, “আজকের ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়েছে ছবিটি এবং বলা হয়েছে এর একটু দূরে একই দিন এভাবেই নামতে গিয়ে নিহত হয়েছেন একজন। অনির্ধারিত জায়গায় হাজার প্রয়োজন থাকলেও নামতে যাবেন না, শুধু মাত্র নির্ধারিত স্টপেজেই নামবেন, বাকিটা পথ হেঁটে যাবেন। এর সাথে মোবাইলে কথা বলা, কানে এয়ারপ্লাগ ব্যবহার করা, চালকের অসতর্কতা তো আছেই। নিজে থেকে বিপদ ডেকে আনবেন না।”