অন্তর্বর্তীকালীন সরকার নয়, সরাসরি পূর্ণ ক্ষমতা চায় তালেবান

স্টার অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার নয় বরং আফগানিস্তানে সরাসরি সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে তালেবান।

তালেবানের দুই সদস্য রয়টার্সকে বলেন, আফগানিস্তান জুড়ে তালেবানের আলো জ্বালানোর পর কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকার চলবে না।

তালেবান যোদ্ধারা ইতোমধ্যে প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছে এবং এর নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন ওই দুই তালেবান কমান্ডার।

তবে, আফগান সরকার বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছেড়েছেন এটি নিশ্চিতভাবে জানা গেলেও তার গন্তব্য কোথায় সেটি এখনো জানা যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তিনি তাজিকিস্তান চলে গেছেন। তবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তার অবস্থান অজানা। অন্যদিকে, তালেবান বলেছে- গণির অবস্থান যাচাই করা হচ্ছে।

এদিকে, বিশৃঙ্খলার মধ্যে দেশকে ফেলে রেখে যাওয়ায় প্রেসিডেন্ট আশরাফ গনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তাকে 'কাপুরুষ' হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, তালেবানরা 'চারদিক থেকে' কাবুলে পৌঁছেছে এবং শহরের চারপাশে বিক্ষিপ্ত গোলাগুলির কিছু খবর পাওয়া গেছে।

কাবুলের একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের উপকণ্ঠে সংঘর্ষে আহত ৪০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, সেখানে বড় ধরনের লড়াই দেখা যাচ্ছে না।

কীভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে তা এখনো স্পষ্ট নয়। তালেবান জানিয়েছে, পশ্চিমা সমর্থিত সরকার যাতে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে সেজন্য তারা অপেক্ষা করছে।

সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল সাত্তার মির্জা কাওয়াল বলেছেন, ক্ষমতা একটি অন্তর্বর্তী প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।