আফগান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’ পাকিস্তান
তালেবানদের কাবুলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের 'পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে' এবং রাজনৈতিক নিষ্পত্তির প্রচেষ্টাকে সমর্থন করে যাবে।
আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আশা করি সব আফগান পক্ষ এই অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সমাধানে একযোগে কাজ করবে।
এতে বলা হয়েছে, কাবুলে পাকিস্তান দূতাবাস পাকিস্তানি, আফগান এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটের সমন্বয়ে 'প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে'।
বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক কর্মী, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম এবং অন্যান্যদের জন্য ভিসা/আগমনের বিষয়টি সহজতর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় সেল স্থাপন করা হয়েছে।
মুলতানে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান বারবার জোর দিয়েছে আফগানিস্তানের সমস্যার 'কোন সামরিক সমাধান নেই'।
আফগান নেতৃত্বের জন্য চলমান সংকটকে 'বিচারের মুহূর্ত' বলে অভিহিত তিনি বলেন, পাকিস্তান আশা করে, আফগান নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
কুরেশি বলেন, শান্তি প্রক্রিয়ায় ইসলামাবাদ সহায়কের ভূমিকা পালন করেছে এবং এর কূটনৈতিক প্রচার অব্যাহত থাকবে।