আলোচনাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়: তালেবান বিরোধী নেতা মাসউদ
আফগানিস্তানের তালেবান বিরোধী প্রতিরোধের প্রধান আউটপোস্টের নেতা আহমাদ মাসউদ জানিয়েছেন, তিনি আশা করছেন এক সপ্তাহ আগে কাবুলে ক্ষমতা দখলকারীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হবে। তবে, তার বাহিনী লড়াই করতে প্রস্তুত।
কাবুলের উত্তর-পশ্চিমে পার্বত্য পাঞ্জশির উপত্যকায় মাসউদের শক্ত ঘাঁটি। সেখানে থেকে টেলিফোনে তিনি রয়টার্সকে বলেন, আমরা তালেবানকে উপলব্ধি করাতে চাই- আলোচনাই এগিয়ে যাওয়া একমাত্র উপায়।
তিনি নিয়মিত সেনা ইউনিট এবং বিশেষ বাহিনীর অবশিষ্টাংশ এবং স্থানীয় মিলিশিয়া যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনী একত্রিত করেছেন।
তিনি বলেন, আমরা চাই না যুদ্ধ শুরু হয়ে যাক।
১৯৮০-এর দশকে আফগানিস্তানের সোভিয়েত বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা আহমাদ শাহ মাসউদের ছেলে আহমাদ মাসউদ বলেন, তালেবান বাহিনী উপত্যকায় আক্রমণের চেষ্টা করলে তার সমর্থকরা লড়াইয়ের জন্য প্রস্তুত।
তিনি জানান, তারা রক্ষা করতে চায়, তারা লড়াই করতে চায়, তারা যে কোনো একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চায়।
তবে তিনি জানান, গত সপ্তাহে পাঞ্জশির সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের তিনটি জেলা দখলের উদ্যোগ তার ছিল না। স্থানীয় মিলিশিয়া দলগুলো মিলে এটি করেছে।
মাসউদ আফগানিস্তানের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারীদের নিয়ে কাবুলে একটি অন্তর্ভুক্তিমূলক ও বিস্তৃত সরকারের আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা একটি 'সর্বগ্রাসী শাসন' ব্যবস্থা স্বীকৃত হওয়া উচিত নয়।