এবারও সংগীতের অনুমতি দেওয়া হবে না, তালেবান মুখপাত্র
তালেবান শাসনের অধীনে এবারও সংগীতের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিউইয়র্ক টাইমসকে বলেন, ইসলামে সংগীত নিষিদ্ধ... কিন্তু, আমরা আশা করছি মানুষকে চাপ না দিয়ে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে পারব।
১৯৯০-এর দশকে তালেবানের অধীনে বেশিরভাগ সংগীত, টেলিভিশন এবং সিনেমা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এছাড়া, নিয়ম ভাঙলে গুরুতর শাস্তিরও বিধান ছিল।
তবে, তালেবানদের ক্ষমতা থেকে অপসারণের পর দেশটিতে সংগীতের চর্চা বাড়ে এবং আফগানিস্তান ন্যাশনাল ইনস্টিটিউট অব মিউজিক চালু করা হয়। এটি একটি অল-ফিমেল অর্কেস্ট্রা প্রদর্শন করেছিল, যা দেশ এবং বিদেশে পরিবেশন করা হয়।
মঙ্গলবার মুজাহিদ নারীদের সতর্ক করে নিউইয়র্ক টাইমসকে বলেন, যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা চালু হচ্ছে, ততক্ষণ তারা যেন বাড়িতেই থাকে। কারণ, কিছু তালেবান যোদ্ধাকে তাদের আঘাত বা হয়রানি না করার প্রশিক্ষণ দেওয়া হয়নি।
তিনি বলেন, আমরা চিন্তিত- কারণ আমাদের বাহিনীতে যারা নতুন এবং এখনো ভালো প্রশিক্ষণ পায়নি, তারা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে।