কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী হামলা’র অভিযোগ যুক্তরাষ্ট্রের
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
বিস্ফোরণের ঘটনার প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মার্কিন কর্মকর্তারা এটিকে 'আত্মঘাতী হামলা' বলে উল্লেখ করেছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি একটি টুইটার পোস্টে কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে, কিন্তু কতজন আহত হয়েছে তা স্পষ্ট নয়।'
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে তিন জন মার্কিন সেনা সদস্য ছিলেন।
এর আগে, গতকাল বুধবার জারি করা একটি সতর্কবার্তায় কাবুলে মার্কিন দূতাবাস নাগরিকদের বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।