কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করে সেখানে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

একই সঙ্গে যারা বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তালেবানরা কাবুল দখলের ১০ দিনে মধ্যে ৮২ হাজারেরও বেশি মানুষকে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে দ্রুতগতিতে কাজ করছে দেশগুলো। দেশ ছাড়তে ইচ্ছুক কয়েক হাজার মানুষ এখনও বিমানবন্দরের ভেতরে ও বাইরে অপেক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, মার্কিন সৈন্য প্রত্যাহারের ৩১ আগস্টের নির্ধারিত সময়সীমা বাড়ানোর বিরোধিতা করেছেন তালেবানরা। তবে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এই সময়ের পরেও দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিক ও আফগানদের সরে যেতে বাধা দেওয়া হবে না।