তালেবানের দখলে সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গাহ
কান্দাহার ও হেরাতের মতো গুরুত্বপূর্ণ শহর দখলের পর তালেবানরা আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে।
আজ শুক্রবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ লস্কর গাহ শহরটি তালেবানরা দখল করে নিয়েছে।
দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আয়তনের দিক দিয়ে আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গাহ এখন তালেবানদের দখলে।
নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, তালেবানদের সঙ্গে চুক্তির পর সামরিক ও সরকারি কর্মকর্তারা শহরটি ছেড়ে চলে গেছেন।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ নিয়ে আফগানিস্তানে তালেবানদের হাতে অন্তত ১৩ প্রাদেশিক শহরের পতন হলো।
শহরগুলো হলো: সার-ই-পোল, শেবারগান, আয়বাক, কুন্দুজ, তালুকান, পুল-এ-খুমরি, ফারাহ, জারানজি, ফৈজাবাদ, গজনি, কান্দাহার, হেরাত ও লস্কর গাহ।