তালেবান সরকারের অংশ হতে চান আফগান নারীরা
আফগানিস্তানে সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত নারীরা এক সমাবেশে নারীদের ভবিষ্যৎ এবং সরকার নারীদের কীভাবে দেখবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দেশটিতে তালেবান সরকার গঠন নিয়ে চলমান আলোচনায় তারা এই উদ্বেগ প্রকাশ করেন।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টলোনিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মানবাধিকার কর্মী ফারিহা এসার বলেন 'জনগণ, সরকার এবং ভবিষ্যতে যে কর্মকর্তারা রাষ্ট্র গঠন করবে তারা আফগান নারীদের উপেক্ষা করতে পারে না। আমরা আমাদের শিক্ষার অধিকার, কাজের অধিকার এবং আমাদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের অধিকারকে ছেড়ে দিবো না।'
নারী অধিকার নিয়ে কাজ করেন রহিমা রাদমনেশ। তিনি বলেন, 'আফগান নারীরা লড়াই করে এই অধিকার ও মূল্যবোধ অর্জন করেছে।'
মানবাধিকার কর্মীরা বলেন, 'তালেবানরা গত ২০ বছরে নারীদের অগ্রগতি এবং তাদের সংগ্রাম উপেক্ষা করতে পারে না।'
মানবাধিকার কর্মী শুক্রিয়া মাশাল বলেন, 'আমরা ২০ বছর ধরে কঠোর পরিশ্রম করেছি, আমরা আর ফিরে যাব না।'
একজন মানবাধিকার কর্মী বলেছেন, 'আমরা চাপিয়ে দেওয়া সরকার চাই না। এটি অবশ্যই আফগান নাগরিকদের ইচ্ছার ভিত্তিতে হতে হবে।'
সম্প্রতি তালেবান জানিয়েছে, তারা ইসলামী আইনের কাঠামোর মধ্যে নারীদের অধিকার দেবে এবং নারীরা সমাজে একই কাঠামোর মধ্যে কাজ করতে পারবেন। কিন্তু, তারা এই ইসলামী কাঠামোর কোনো সংজ্ঞা দেননি।