৯০ দিনের মধ্যে কাবুল দখলে নিতে পারে তালেবান: মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা
আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে তালেবানরা। আজ বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে তালেবানরা তারা অষ্টম প্রাদেশিক আফগান রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা হয়েছে।
তবে এটি চূড়ান্ত কিছু নয় জানিয়ে তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনী কঠোর প্রতিরোধের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন করতে পারে।
গত শুক্রবার থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। সর্বশেষ মঙ্গলবার তারা উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদ দখল করেছে।
ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান এখন আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ১১টি প্রাদেশিক রাজধানী দখল করেছে কিংবা দখলের পথে আছে।
রয়টার্স জানায়, কাবুলের সমস্ত প্রবেশ পয়েন্টে এখন অন্যান্য প্রদেশের সহিংসতা থেকে পালিয়ে আসা বেসামরিক নাগরিকরা অবস্থান করেছেন। তাই তালেবান যোদ্ধারাও প্রবেশের চেষ্টা করছে কিনা তা বলা কঠিন।
এদিকে, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ওয়াশিংটন জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীকেই এখন তাদের দেশ রক্ষা করতে হবে।