‘আমার কিছু হলে কেঁদো না’ নিহত হওয়ার দিন সকালে রাহুলকে ইন্দিরা গান্ধী

স্টার অনলাইন ডেস্ক

নিহত হওয়ার দিন সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছিল তার দাদি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তিনি রাহুলকে বলেছিলেন, আমার কিছু হলে তুমি কেঁদো না।

রাহুল গান্ধী আজ রোববার ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সেই ভিডিওতে এ কথার বর্ণনা করেছেন তিনি।

ইউটিউবে আপলোড করা ২ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে রাহুল গান্ধী বলেন যে, তিনি (ইন্দিরা গান্ধীর) আমাকে বলেছিনে তার কিছু হলে যেন আমি কান্না না করি এবং তিনি ধারণা করেছিলেন যে তাকে হত্যা করা হতে পারে।

ইন্দিরা গান্ধীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আপলোড করা ভিডিওতে রাহুল গান্ধী জানান, নিহত হওয়ার দিন সকালে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার কথা হয়। আমি বুঝতে পারিনি তিনি কী বোঝাতে চেয়েছিলেন। এর ২-৩ ঘণ্টা পর ইন্দিরা গান্ধী নিহত হওয়ার খবর আসে।

ইন্দিরা গান্ধীকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর হত্যা করা হয়। একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত তার ২ শিখ নিরাপত্তারক্ষীর তাকে গুলি করে হত্যা করেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ১৪ বছর বয়সী রাহুল ইন্দিরা গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়ায় কাঁদছেন। ১৯৯১ সালের মে মাসে শ্রীলঙ্কার তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিই তার বাবা রাজীব গান্ধীর হত্যার পর তার দাদীর মৃত্যুকে তিনি তার জীবনের 'দ্বিতীয় সবচেয়ে কঠিন দিন' হিসাবে উল্লেখ করেছেন।

রাহুল ভিডিওতে বলেন, 'দাদি একবার খাবার টেবিলে আমাদের সবাইকে বলেছিলেন যে, সবচেয়ে বড় অভিশাপ হবে একটি রোগে মারা যাওয়া...।'