অন্ধ্রপ্রদেশে বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
ভারতের অন্ধ্রপ্রদেশে অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ভেসে গেছেন শতাধিক। তিরুপতি মন্দিরের এই শহরে বন্যায় আটকে পড়ছেন শত শত তীর্থযাত্রী।
এনডিটিভি জানায়, তিরুমালা পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়ার ঘাট রাস্তা ও হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিরুপতি মন্দিরের পাশে স্বর্ণমুখী নদী ও আশপাশের জলাশয়গুলো উপচে পড়েছে। সেখানে বহু মানুষ আটকে পড়েছেন। ৩টি সরকারি বাস বিকল হয়ে পড়েছে এবং ১২টিকে উদ্ধার করা যায়নি।
পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাজ্য দুর্যোগ ত্রাণ দল পাঠানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। বন্যায় অনেক স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল, সড়ক ও বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।
বন্যায় রায়ালসিমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও, রাজ্যের চিত্তুর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।