অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশের ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন এবং ১৭ জন এখনো নিখোঁজ আছেন। রাজ্য সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
এছাড়া, চিত্তুর, কাদাপা, নেল্লোর এবং অনন্তপুরে ভারী বৃষ্টিপাতের ফলে ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে ত্রাণ ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে। কাডাপার একশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
সরকার জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনন্তপুরামু, কাদাপা এবং চিত্তুর জেলায় ভয়াবহ বন্যার হাত থেকে একজন পুলিশ পরিদর্শকসহ কমপক্ষে ৬৪ জনকে উদ্ধার করেছে।
মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে জরিপ চালিয়েছেন। তিনি শনিবার জেলা কালেক্টরদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
তিনি কাদাপা এবং চিত্তুর জেলার কালেক্টরদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতির বিষয়ে বিশদ তথ্য চেয়েছেন। এছাড়া বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের ফসলের ক্ষতির পরিমাণ গণনার নির্দেশ দিয়েছেন।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারও পরিস্থিতি ভয়াবহ ছিল।
সরকার নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।