অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করতে কাজ চলছে: শ্রীংলা

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করতে দুই দেশ যৌথভাবে কাজ করছে বলে আজ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা। এ ছাড়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও লবণাক্ততা নিয়ে অভিজ্ঞতা বিনিয়ময়ের কথাও জানিয়েছেন তিনি।

শিমলায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন শ্রীংলা। বেসরকারি সংস্থা ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে। সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, ভারতে নিযুক্ত সাবেক হাই কমিশনার, কূটনীতিক ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞরা এই দলে আছেন।

তবে শ্রীংলা তিস্তা নদীর পানিবণ্টনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেননি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এক দশকের বেশি সময় ধরে এই চুক্তি ঝুলে আছে।

শ্রীংলা বলেন, ভারত ও বাংলাদেশের অভিন্ন ৫৪টি নদী দুই দেশের অভিন্ন সম্পদ ও দায়িত্ব। গঙ্গার পানিবণ্টন চুক্তি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা এখন অন্যান্য অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করতে কাজ করছি।

এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে তিস্তার পানিবণ্টন চুক্তি প্রায় চূড়ান্ত করেছিল বাংলাদেশ ও ভারত। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এসে চুক্তিতে সই করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে সেই চুক্তি আর হয়নি। তিস্তা চুক্তি নিয়ে এখন পর্যন্ত আগের অবস্থানেই আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।