আহমেদাবাদে সিরিজ বিস্ফোরণ: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

স্টার অনলাইন ডেস্ক

ভারতের গুজরাটের আহমেদাবাদে সিরিজ বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। বাকি ১১ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

আজ শুক্রবার বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল এ রায় দেন বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদ শহরে ৭০ মিনিটের মধ্যে ২১টি সিরিজ বোমা হামলায় ৫৬ জন নিহত হন। আহত হন ২০০ জনের বেশি।

১৩ বছরের বেশি সময় পর গত বছরের সেপ্টেম্বরে এই মামলার বিচারকাজ শেষ হয়। এ ঘটনায় প্রায় ৮০ জন অভিযুক্ত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি গুজরাটের একটি আদালত তাদের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন এবং বাকি ২৮ জনকে খালাস দেন।

বিস্ফোরণে পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার দল ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) সঙ্গে জড়িতরা এ ঘটনা ঘটিয়েছেন।