উত্তরাখণ্ডের বাঙালিদের সনদে থাকছে না ‘পূর্ব পাকিস্তান’ ট্যাগ
ভারতের উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় বসবাসকারী বাঙালিদের সনদ থেকে অবশেষে কাটা পড়ছে 'পূর্ব পাকিস্তান' ট্যাগ।
সরকারি নথির বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের নয়াদিল্লী সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার দেরাদুনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্থানীয় বিধায়ক সৌরভ বহুগুনের নেতৃত্বে একটি বৈঠকে এই ঘোষণা দেন।
ধামি বলেন, বাস্তুচ্যুত বাঙালিদের দেওয়া সনদ থেকে 'পূর্ব পাকিস্তান' বাদ দেওয়ার প্রস্তাব শিগগির রাজ্য মন্ত্রিসভায় তোলা হবে।
আগামী বছরের শুরুতে রাজ্যটির বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন দলটির শক্তিশালী প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি। এই নির্বাচনকে সামনে রেখেই উধম সিং নগরে বাঙালি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ করছেন বর্তমান মুখ্যমন্ত্রী।
উধম সিং নগরে আনুমানিক সাড়ে তিন লাখ বাঙালি রয়েছেন। ১৯৫৬ থেকে ১৯৭০ সালের মধ্যে তারা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে সেখানে যান।
স্থানীয় বিধায়ক সৌরভ বহুগুন বলেন, 'এটা লজ্জাজনক যে তাদের সনদে "পূর্ব পাকিস্তান" লেখা রয়েছে। পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশ ১৫ বছর আগেই এটা লেখা বন্ধ করে দিয়েছে।'