করোনা পরবর্তী জটিলতায় আবারো হাসপাতালে সাহিত্যিক বুদ্ধদেব গুহ

স্টার অনলাইন রিপোর্ট

করোনা পরবর্তী জটিলতা নিয়ে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। হঠাৎ তার রক্তচাপ কমে যাওয়ায় পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের এই লেখক।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই করোনা পরবর্তী একাধিক সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব গুহ। বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। এ ছাড়া, তার লিভার ও কিডনিতেও সামান্য সমস্যা আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে, তাতে করোনার সংক্রমণ মেলেনি। তার দৃষ্টিশক্তির সমস্যাও আছে।

চলতি বছরের এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। সেসময় একটি হোটেলে কিছুদিন একাকী থাকার পর তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩৩ দিনের চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।

বুদ্ধদেব গুহ ১৯৩৬ সালে ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই লেখক মূলত বন, অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসংগীত গায়িকা ঋতু গুহ। বহু বিচিত্রতায় ভরপুর এবং অভিজ্ঞতাময় তার জীবন। বিশ্বভারতীর রবীন্দ্রভবন পরিচালন সমিতির সদস্যও তিনি। ১৯৭৭ সালে বুদ্ধদেব গুহ 'হলুদ বসন্ত' উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন।