করোনাভাইরাস সংক্রমণ কমায় ভারতে মহাসমারোহে উদযাপিত হচ্ছে হোলি

স্টার অনলাইন ডেস্ক

ভারতে বেশ কিছুদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমছে।

গত বছর করোনা মহামারির কারণে সনাতন ধর্মাবলম্বীদের রঙের উৎসব হোলি পালনের ওপর ছিল বিভিন্ন ধরনের বিধিনিষেধ। ফলে খুবই সীমিত আকারে এ উৎসব পালিত হয়।

তবে এ বছর এ ধরনের বাঁধা না থাকায় আজ শুক্রবার মহা ধুমধামের সঙ্গে দেশজুড়ে হোলি উৎসব পালিত হচ্ছে।

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, চন্দ্র মাসের শেষ পূর্ণিমার দিনটিকে হোলি উৎসবের জন্য নির্ধারিত দিন হিসেবে বিবেচনা করা হয়। হোলি আনন্দ উল্লাসের একটি বড় উপলক্ষ।

Holi 2022 UP
উত্তর প্রদেশের এক গ্রামে ভক্তরা হোলি উদযাপন করছেন। ছবি: রয়টার্স

ভক্তরা একে অপরের গায়ে বিভিন্ন উজ্জ্বল রঙ মাখিয়ে এ দিনটিকে উদযাপন করেন। এই দিনটি একইসঙ্গে নতুন সূচনারও পরিচায়ক। এ উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সুস্বাদু ভোজ ও নাচের নাম।

অনেকে একে ওপরের গায়ে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতেও পছন্দ করেন, কারণ ফুলের উজ্জ্বল রঙ বসন্তের আগমন প্রকাশ করে। এই উৎসবের প্রাক্কালে মানুষ মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক হিসাবে বড় বড় অগ্নিকুণ্ড তৈরি করে।

এ বছর ভারতজুড়ে হোলি উৎসব চলছে। কোনো রাজ্যেই নেই করোনাভাইরাস নিয়ে তেমন কোনো বিধিনিষেধ। রাস্তার ওপর দাঁড়িয়ে মানুষ উৎসব করছে।

গত বছর রাজধানী দিল্লীসহ বিভিন্ন রাজ্যে হোলির সময় বড় আকারের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সে সময় করোনাভাইরাস সংক্রমণের হার অনেক বেশি ছিল। কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই ভিন্ন। বেশ কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন ২ হাজার ৫০০র মত মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন, যা আগের তুলনায় খুবই কম। ফলে সারা দেশেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 

ফলে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা এবার পূর্ণ গৌরবে হোলি পালন করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া উৎসবের ছবিতে বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে। যথারীতি, সব ছবিতেই বিভিন্ন রঙে রাঙানো মানুষের ছড়াছড়ি।

তবে সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশি আত্মতুষ্টিতে ভোগার ব্যাপারে সতর্ক করেছেন।

গত বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্যগুলোকে উচ্চ পর্যায়ের সতর্কতার সঙ্গে সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে, কারণ চীন, সিঙ্গাপুর এবং ইউরোপের কিছু দেশে আবারও সংক্রমণের হার বাড়ছে।