কর্ণাটকে বাসে মোবাইল স্পিকারে গান বাজানো নিষিদ্ধ হচ্ছে
কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) বাসে ভ্রমণকারী যাত্রীদের মোবাইল স্পিকারে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার কর্ণাটক হাইকোর্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতে দায়ের করা একটি রিট আবেদনের ভিত্তিতে কর্ণাটক হাইকোর্ট এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। পিটিশনে 'বাসের ভিতরে বিরক্তিকর শব্দের' ওপর বিধিনিষেধ চাওয়া হয়েছিল। এতে বলা হয়েছে, উচ্চ শব্দে গান এবং ভিডিও বাজানোর কারণে মোবাইলের ব্যবহার সীমাবদ্ধ করা উচিত।
বিষয়টি বিবেচনায় নিয়ে কর্ণাটক হাইকোর্টের আদেশে বলা হয়েছে, বাসের কর্মচারীদের উচিত উচ্চ শব্দে গান না বাজানো এবং সহযাত্রীদের বিব্রত না করতে যাত্রীদের অনুরোধ করা।
হাইকোর্ট বলেছেন, যাত্রীরা নির্দেশ না মানলে বাসের কর্মচারীরা যাত্রীকে বাস থেকে নামিয়ে দিতে পারবেন।