কর্ণাটকে ভারী বৃষ্টিতে বাড়ি ধসে ৭ জনের মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

ভারতের কর্ণাটকের বেলাগাভিতে ভারী বৃষ্টিতে একটি বাড়ি ধসে ২ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে বেলাগাভির বাদালা আনকালাগি গ্রামে বাড়িটি ভেঙে পড়ে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

হিরেবাগেওয়াড়ি থানার ডেপুটি কমিশনার এমজি হিরেমাট বলেন, ভারি বৃষ্টির কারণে দেওয়াল ভেঙে পড়ে। নিহতদের ময়নাতদন্ত করা হবে।

পিটিআই জানিয়েছে, ৭ জনের মধ্যে ৫ জন ঘটনাস্থলে এবং ২ জনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।