কৃষক বিদ্রোহ প্রত্যাহারের সম্ভাবনা, আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত

স্টার অনলাইন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। আগামীকাল বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার আন্দোলনরত কৃষকদের উত্থাপিত দাবি নিয়ে একটি লিখিত খসড়া সংযুক্ত কিষাণ মোর্চার ৫ সদস্যের কমিটিতে পাঠিয়েছে। কেন্দ্রের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করতে কৃষক ইউনিয়ন মঙ্গলবার সিংঘু সীমান্তে শীর্ষ কৃষক নেতাদের একটি বৈঠক ডেকেছিল।

সূত্র ইন্ডিয়া টুডেকে আরও জানিয়েছে, এসকেএমের একটি বড় অংশ আন্দোলন বন্ধ করার পক্ষে।

সরকারের খসড়া প্রস্তাবের বিষয়ে অবশ্য বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৪ ডিসেম্বর বিক্ষোভে নেতৃত্ব দানকারী কৃষক ইউনিয়নের মূল সংগঠন এসকেএম ৫ জনকে কৃষকদের পক্ষে সরকারের সঙ্গে আলোচনা করতে একটি কমিটি গঠন করে।

বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের প্রধান দাবি কেন্দ্রীয় সরকার গ্রহণ করার পরে কৃষকদের সমস্যাগুলো নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে এই কমিটি গঠন করা হয়েছিল।