কেজরিওয়ালের আরও ‘ভালো পোশাক’ পরা উচিত: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি মঙ্গলবার এক সাক্ষাৎকারে 'ভালো পোশাক' না পরার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিদ্রূপ করেন। এর একদিন পর আজ বুধবার পোশাকের প্রসঙ্গ বাদ দিয়ে চরণজিৎ সিং চান্নিকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মনোনিবেশের পরামর্শ দিয়েছেন কেজরিওয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে চান্নি বলেছেন- কেজরিওয়াল বেতন হিসেবে আড়াই লাখ টাকা আয় করলেও ভালো পোশাক পরেন না।
'পাঞ্জাব কংগ্রেসে বিশৃঙ্খলা চলছে' কেজরিওয়ালের এমন মন্তব্যের জবাবে চান্নি বলেন, সঠিক পোশাক পরার জন্য কেজরিওয়ালকে কেউ ৫ হাজার টাকা দাও।
সাক্ষাৎকারে চান্নিকে বলতে শোনা যায়, কেউ তাকে টাকা দিলে তিনি অন্তত ভালো পোশাক তৈরি করতে পারবেন। তার কি স্যুট-বুট নেই? তিনি বেতন হিসেবে আড়াই লাখ টাকা আয় করেন। সুতরাং তার অন্তত কিছু ভালো পোশাক থাকা উচিত।
এর জবাবে কেজরিওয়াল বলেন, চান্নি সাহেব আমার পোশাক আপনার পছন্দ নাও হতে পারে। এটা কোনো বিষয় না। কিন্তু, জনগণের তো পছন্দ হয়।
পোশাকের প্রসঙ্গ বাদ দিয়ে চান্নিকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মনোনিবেশ করার কথা জানিয়ে কেজরিওয়াল বলেন, বেকারদের চাকরি দেওয়ার মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করুন। দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ও আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।